মিজানুর রহমান সিনহা। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান সিনহা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
তাঁর মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মিজানুর রহমান সিনহা একাধারে সফল রাজনীতিবিদ এবং দেশের ওষুধ শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি দেশের বিখ্যাত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'একমি গ্রুপ'-এর প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহার সুপুত্র এবং ১৯৮৩ সাল থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করে আসছিলেন।
ছাত্রজীবন থেকেই প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত মিজানুর রহমান সিনহা ১৯৯০ সালে বিএনপিতে যোগ দেন। তিনি দলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসন থেকে তিনি ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ সালে চারদলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
২০২০ সালে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি সাময়িক অবসরের ঘোষণা দিলেও, ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাঁর মনোনয়নের কথা ছিল, তবে গুরুতর অসুস্থতার কারণে পরবর্তী সময়ে তা পরিবর্তন করা হয়।
তাঁর মৃত্যুতে মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনসহ জেলা বিএনপি, অঙ্গসংগঠন এবং একমি গ্রুপের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর থেকে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।