ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’

ছোট পর্দার এ সময়ের আলোচিত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনি ও উদীয়মান অভিনেতা পার্থ শেখ প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘অমর প্রেম’-এ দেখা যাবে এই নতুন জুটিকে। নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের কাহিনী আবর্তিত হয়েছে দুই তরুণ-তরুণীর প্রেম, আবেগ এবং পাওয়া-না পাওয়ার বিচিত্র সমীকরণ নিয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে নাটকটির ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই এটি দর্শকদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। নির্মাতা জাহিদুল ইসলাম সুজন সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকের ঝলক শেয়ার করে জানান, আসছে ঈদে এটি মুক্তি পাবে।

তটিনি ও পার্থের এই নতুন জুটিকে নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একাংশ নতুন এই রসায়নকে স্বাগত জানালেও, তটিনির নিয়মিত জুটি ইয়াশ রোহান, জোভান কিংবা অপূর্বর ভক্তদের অনেকে কিছুটা দ্বিধাবিভক্ত। তবে অনেক দর্শকই নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

উল্লেখ্য, ‘অমর প্রেম’ নাটকটি ঈদে সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। তটিনি ও পার্থের নতুন এই রসায়ন শেষ পর্যন্ত দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটাই দেখার অপেক্ষা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন