ফেনী প্রতিনিধি: ফেনীতে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানো মসজিদের ইমাম ও মক্তব শিক্ষক মোজাফফর আহমদ জুবায়েরের চাকরি ফিরিয়ে দেওয়া, আর্থিক ক্ষতিপূরণ এবং ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (৯ মে) ফেনীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা এই দাবি জানান।
তারেক রেজা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে ইমাম মোজাফফরকে এমন এক সময়ে ফাঁসানো হয়েছে যখন তার পাশে কেউ ছিল না। এই ঘটনায় তার সামাজিক সম্মান ধূলিসাৎ হয়েছে এবং তিনি মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আলেম ও ইমামদের প্রতি বিদ্বেষ থেকে এই অবিচার করা হয়েছে উল্লেখ করে তিনি রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ এবং এই ষড়যন্ত্রের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত জানান, দল ভুক্তভোগী ইমামের পাশে রয়েছে। তার অপূরণীয় ক্ষতি পূরণ করা সম্ভব না হলেও, সামাজিকভাবে সসম্মানে পুনর্বাসিত করতে এবং তার ঋণ পরিশোধে এনসিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোজাফফর আহমদ জুবায়ের নিজের ওপর হওয়া অন্যায়ের লোমহর্ষক বর্ণনা দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সূজা উদ্দিন সজিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম, যুগ্ম সদস্য সচিব ফজলে এলাহী চৌধুরী সায়েম এবং যুব শক্তি ও ছাত্রশক্তির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ.আই.এল/সকালবেলা