ক্রীড়া প্রতিবেদক: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটল। শনিবার দেশটির ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টে যোগ দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। তবে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর কাছে তারা কিছু বিশেষ দাবি ও শর্ত তুলে ধরেছে।
গত মাসে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। আইআরজিসি-র সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে বাধা দেওয়া হয়েছিল। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার কারণে ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা নিজেদের বিশ্বাস ও সংস্কৃতি সমুন্নত রেখেই মাঠে নামবে। ফেডারেশন প্রধান মেহদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে জানান, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য তাদের ১০টি শর্ত রয়েছে। এর মধ্যে প্রধান হলো—খেলোয়াড় ও কর্মকর্তাদের কোনো জটিলতা ছাড়াই ভিসা প্রদান, জাতীয় পতাকা ও সংগীতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন এবং বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত কঠোর নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে মেহদি তারেমি ও এহসান হাজসাফির মতো তারকাদের ভিসা নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে তারা জোর দিয়েছে।
২০২৬ বিশ্বকাপে ‘জি’ গ্রুপে লড়বে ইরান। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা রয়েছে ইরানিদের।
তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আয়োজক দেশগুলো তাদের উদ্বেগগুলো গুরুত্বের সাথে বিবেচনা করলেই তারা টুর্নামেন্টে পূর্ণ সহযোগিতার মাধ্যমে অংশ নেবে।