অনলাইন ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর এবার মোদি বিরোধী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পদ্ম শিবিরকে মোকাবিলা করতে তিনি বাম ও অতিবাম দলগুলোকে নিয়ে একটি অভিন্ন রাজনৈতিক মঞ্চ গঠনের প্রস্তাব দিয়েছেন।
শনিবার যখন কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে বিজেপির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করছিলেন, ঠিক তখনই কালীঘাটে নিজ বাসভবনে রবীন্দ্রজয়ন্তী পালন শেষে মমতার এই প্রস্তাব সামনে আসে। তৃণমূল নেত্রী বলেন, “বর্তমান পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সব রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন এবং এনজিওদের নিয়ে একটি শক্তিশালী মঞ্চ গড়া প্রয়োজন”।
মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বাম ও অতিবামসহ সকল জাতীয় দলকে আহ্বান জানিয়ে বলেন, “বিজেপি আমাদের প্রধান শত্রু। তাই এখন কার কী পরিচয় তা ভাবার সময় নয়। বরং রাজনৈতিকভাবে এই শক্তিকে মোকাবিলা করতে ‘শত্রুর শত্রু আমার বন্ধু’ নীতিতে সবাইকে একজোট হতে হবে”। তিনি আরও জানান, যে কেউ চাইলে এই জোটের বিষয়ে তাঁর সঙ্গে সরাসরি আলোচনা করতে পারেন।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়লাভ করে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিপরীতে তৃণমূল পেয়েছে ৮০টি আসন। এছাড়া বামফ্রন্ট (সিপিএম), কংগ্রেস এবং আইএসএফ প্রত্যেকে একটি করে এবং এজেইউপি দুটি আসনে জয়ী হয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, বিজেপি ৪৫.৮৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে এবং তৃণমূল পেয়েছে ৪০.৮০ শতাংশ ভোট।
এ.আই.এল/সকালবেলা