নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কার, গণভোট এবং জুলাই সনদ নিয়ে বিএনপির বর্তমান অবস্থানকে ‘রাজনৈতিক দ্বিচারিতা’ এবং জনগণের রায়ের প্রতি অসম্মান হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (৯ মে) বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ ও গণভোটের পুরো প্রক্রিয়ায় বিএনপি শুরুতে একমত থাকলেও সরকার গঠনের পর তারা এখন ভিন্ন অবস্থান নিয়েছে। তিনি উল্লেখ করেন, ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদে এনসিপি ছাড়া সব নিবন্ধিত দল স্বাক্ষর করেছিল। ২৫ নভেম্বর গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে সরাসরি ‘হ্যাঁ’ ভোট দিলেও বিএনপি এখন তার বৈধতা অস্বীকার করছে।
জামায়াত নেতা বলেন, "প্রধানমন্ত্রী যেন একই সাথে দলীয় প্রধান থাকতে না পারেন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু এবং সাংবিধানিক পদে নিয়োগে নিরপেক্ষ সার্চ কমিটি গঠনের মতো প্রস্তাবগুলো বাস্তবায়ন জরুরি। এগুলো না হলে জুলাইয়ের শহীদদের রক্তদান বৃথা যাবে।" তিনি সতর্ক করেন যে, বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রী ইচ্ছামতো নিয়োগ দিতে পারলে ভবিষ্যতে আবারও ফ্যাসিবাদী শাসনের পথ তৈরি হতে পারে।
বিএনপির সাথে বর্তমান সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে বিএনপি নেতারা জামায়াতের সাথে সভা-সমাবেশ করলেও এখন আওয়ামী লীগের ভাষায় জামায়াতকে আক্রমণ করছে। তিনি মনে করিয়ে দেন যে, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির অনুরোধেই জামায়াত ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়েছিল।
গোলাম পরওয়ার আগামী সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডেকে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তিনি স্পষ্ট করেন যে, জামায়াত কোনো সংঘাত চায় না, বরং সংসদের ভেতর থেকেই গঠনমূলক সমাধান প্রত্যাশা করে।