সংসদের ভেতরে-বাইরে গণতান্ত্রিক সংগ্রাম চলবে: নাহিদ ইসলাম

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ণ
সংসদের ভেতরে-বাইরে গণতান্ত্রিক সংগ্রাম চলবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার চব্বিশের জুলাই আন্দোলনের মূল আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ন্যায়বিচার, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁদের সংগ্রাম সংসদের ভেতরে ও বাইরে সমানতালে চলবে।

শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে এনসিপির সংস্কার কমিটি আয়োজিত ‘সংস্কার অচলাবস্থা: উত্তরণের পথ’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, "শক্তিশালী রাজনৈতিক পক্ষগুলোর বিরোধিতার কারণে নতুন সংবিধানের প্রস্তাবটি শুরুতে পরিত্যক্ত হলেও সব দল ‘জুলাই সনদে’ একমত হয়েছিল। কিন্তু বর্তমান সরকার গণভোটে অনুমোদিত সেই সংস্কারগুলো বাস্তবায়নে গড়িমসি করছে।"

নাহিদ ইসলাম সরাসরি সরকারের সমালোচনা করে বলেন, "নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রীসহ বিএনপি নেতারা গণভোটভিত্তিক সংস্কার কাঠামোর প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তাঁরা সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে অস্বীকৃতি জানাচ্ছেন।" তিনি আরও অভিযোগ করেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশি জবাবদিহি ও গুম-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্কার অধ্যাদেশগুলো বাতিল করে নির্বাহী ক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদের সঞ্চালনায় এই সংলাপে দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। এতে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এবং নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড ও ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় আরও বক্তব্য দেন সাবেক নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মো. আব্দুল আলীম, নাগরিক কোয়ালিশনের ফাহিম মাসরুর এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

বক্তারা হুঁশিয়ারি দেন যে, ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন না হলে জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে এবং দেশে পুনরায় স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ফিরে আসার পথ প্রশস্ত হবে।

মন্তব্য করুন