হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ণ
হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: অতিবৃষ্টি ও অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলকে অনতিবিলম্বে 'দুর্গত এলাকা' ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে হাওর উন্নয়ন আন্দোলন। 

শনিবার (৯ মে) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর। বক্তব্যে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং ব্যাংক ও এনজিও ঋণের কিস্তি সহজীকরণের জোর দাবি জানান। এছাড়াও আগামী মৌসুমে চাষাবাদের জন্য বিনামূল্যে সার, বীজ, ডিজেল ও কৃষি যন্ত্রপাতি সরবরাহের আহ্বান জানানো হয়। বক্তারা উল্লেখ করেন, নদীর নাব্যতা কমে যাওয়ায় হাওরাঞ্চলে অকাল বন্যার সৃষ্টি হচ্ছে, তাই দ্রুত নদী খনন করা জরুরি।

উল্লেখ্য যে, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও সিলেটসহ ৭টি জেলার ৪৯টি উপজেলা নিয়ে গঠিত এই হাওরাঞ্চল দেশের মোট খাদ্যের প্রায় ২৫ শতাংশ যোগান দেয়। একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল এই জনপদের মানুষ খরা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকে। এ বছর অকাল বন্যায় কৃষকদের স্বপ্ন তলিয়ে যাওয়ায় চরম খাদ্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে।

হাওর উন্নয়ন আন্দোলনের সভাপতি মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ এম এ মোনায়েম, অ্যাডভোকেট আব্দুল মজিদ ফকির, রবিউল আলম শ্যামলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, সরকারের বর্তমান আর্থিক প্রণোদনা ক্ষতির তুলনায় অত্যন্ত নগণ্য, তাই রাষ্ট্রীয়ভাবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন