মানজুরুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে প্রকাশ্য দিবালোকে আব্দুল মোল্লা (৬২) নামে এক বৃদ্ধকে মসজিদের সামনে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ মে) দুপুরে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরিয়া খামারটারী গ্রামে। বর্তমানে নির্যাতনের শিকার ওই বৃদ্ধ লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে আব্দুল মোল্লার ছেলে মিজানুর রহমানের মাধ্যমে হাসানুর রহমান নামে এক ব্যক্তি লিবিয়ায় যান। সেখানে কর্মস্থলে সমস্যা হওয়ায় হাসানুরকে দেশে ফিরিয়ে আনার জন্য আব্দুল মোল্লাকে দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল। এই বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষরা তাকে ঘেরাও করে টেনেহিঁচড়ে মসজিদের সামনের একটি আম গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর, কিল, ঘুষি ও লাথি মারা হয়। এমনকি জনসম্মুখে তার কাপড় ছিঁড়ে ফেলে এবং মুখে থুথু নিক্ষেপ করে চরমভাবে লাঞ্ছিত করা হয়।
এই বর্বরোচিত ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তার ভাতিজা মিঠু মিয়াও আহত হয়েছেন। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনায় ১২ জনকে অভিযুক্ত করে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ.আই.এল/সকালবেলা