দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে রাশিয়ায় বিজয় দিবস পালন

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে রাশিয়ায় বিজয় দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের স্মরণে রাশিয়ায় পালিত হয়েছে ঐতিহাসিক ‘বিজয় দিবস’ (ভিক্টরি ডে)। প্রতি বছরের মতো এবারও মস্কোর রেড স্কয়ারে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়, যেখানে যুদ্ধে প্রাণ হারানো ২ কোটি ৭০ লাখ সোভিয়েত নাগরিককে শ্রদ্ধা জানানো হয়।

অতীতের প্রথা অনুযায়ী রেড স্কয়ারে এবার ভারি ট্যাংক বা সামরিক সরঞ্জামের দীর্ঘ বহর সরাসরি দেখা না গেলেও, রাশিয়ার অত্যাধুনিক ও শক্তিশালী সমরাস্ত্রগুলো বড় পর্দায় এবং সরকারি টেলিভিশনে প্রদর্শিত হয়েছে। যার মধ্যে ছিল ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, আরখানগেলস্ক পারমাণবিক সাবমেরিন, পেরেসভেট লেজার অস্ত্র এবং সুখোই এসইউ-৫৭ ফাইটার জেট। এছাড়া এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিভিন্ন ড্রোন প্রযুক্তির ক্ষমতাও তুলে ধরা হয়।

এবারের কুচকাওয়াজের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নেওয়া উত্তর কোরীয় সেনারা এই বিজয় দিবসের প্যারেডে অংশ নেন। মূলত রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই জাতীয় উৎসবটি প্রতিবছরই দেশটির সামরিক শক্তির প্রদর্শনী হিসেবে বিশ্ববাসীর নজর কেড়ে থাকে।

সূত্র: জিও নিউজ। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন