মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, চলতি বোরো মৌসুমে হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পূর্বের তালিকায় প্রকৃত কৃষকদের নাম বাদ দিয়ে অকৃষকদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় তা গ্রহণযোগ্য হয়নি। এ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন এবং নতুন করে বর্গাচাষি ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দিয়ে তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এমপি বাবর স্থানীয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, তালিকা যাচাই-বাছাইকালে বিএনপির কোনো নেতাকর্মী চাপ সৃষ্টি করলে তা মানার প্রয়োজন নেই। যারা প্রকৃত সহায়তা পাওয়ার দাবিদার, কেবল তাদেরই তালিকায় স্থান দিতে হবে। এ কাজে বিএনপি নেতাকর্মীরা প্রশাসনকে সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন। তিনি আরও জানান যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
পরিদর্শনকালে এমপি বাবর জেলেদের উদ্দেশে বলেন, জেলেদের জন্য আলাদা বরাদ্দ না থাকলেও ত্রাণমন্ত্রীর সাথে কথা বলে বিকল্প উপায়ে সহায়তার ব্যবস্থা করা হবে। এছাড়া হাওরে সরকারি ও ব্যক্তিগত অর্থায়নে মাছের পোনা ছাড়া হবে বিধায় মাছ ধরার জন্য ক্ষতিকর জাল ব্যবহার থেকে বিরত থাকতে এবং মাছ না ধরতে নিষেধ করেন তিনি।
হাওড়াঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিচ্ছিন্ন কোনো উন্নয়ন নয় বরং পঞ্চম বার্ষিকী পরিকল্পনার মাধ্যমে হাওড়ের বাস্তবতা বিবেচনা করে দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়ন করা হবে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) শাওলীন নাহার, কৃষি অফিসার মাহমুদুল হাসানসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা