মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) উপজেলার খালিশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী ওই নারী মহেশপুরের নাটিমা ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য। তিনি শনিবার সকাল ১১টার দিকে মহেশপুর থানায় সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মে খালিশপুর বাজারের গোহাটের পাশে একটি বাড়িতে গিয়ে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত সাজ্জাদ। লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী ঘটনার সাথে সাথে আইনি ব্যবস্থা না নিলেও পরবর্তীতে বিচারের দাবিতে থানায় অভিযোগ করেন।
গ্রেপ্তারকৃত সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুরের এসবিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ.আই.এল/সকালবেলা