লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ণ
লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা

বিনোদন ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিংবদন্তি খেলোয়াড় কায়সার হামিদের মেয়ে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের পরিচিত মুখ কারিনা কায়সার বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। লিভার ফেইলিওরের কারণে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। হঠাৎ অচেতন হয়ে পড়লে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হেপাটাইটিস এ এবং ই-তে আক্রান্ত হয়েছেন। এর ফলে তাঁর লিভারে মারাত্মক জটিলতা তৈরি হয়ে লিভার ফেইলিওর হয়েছে। আগে থেকেই তাঁর ফ্যাটি লিভারের সমস্যা ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার রাতে এক ভিডিও বার্তায় মেয়ের শারীরিক অবস্থার বর্ণনা দেন কায়সার হামিদ। অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে তিনি বলেন, "আমার বড় মেয়েটি চার-পাঁচ দিন ধরে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের পূর্ণাঙ্গ ব্যবস্থা না থাকায় আমরা তাঁকে বিদেশে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।" এই ব্যয়বহুল চিকিৎসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

কারিনাকে জরুরি ভিত্তিতে ভারতে নেওয়ার চেষ্টা করছে তাঁর পরিবার। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সহকর্মী ও ভক্তরা সুস্থতার জন্য প্রার্থনা করছেন। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার এক বার্তায় সবাইকে হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, কারিনা কায়সার শুধু কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই নয়, বড় পর্দাতেও কাজ করেছেন। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে ‘৩৬-২৪-৩৬’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আলোচনায় এসেছিলেন।

মন্তব্য করুন