খুলনায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুপিয়ে জখম

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ
খুলনায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুপিয়ে জখম

সরদার সাইদী হাসান বাবু, খুলনা জেলা প্রতিনিধি: খুলনা নগরীর খালিশপুর গোয়ালখালী এলাকায় এক ব্যক্তির গতিরোধ করে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। 

৮ মে ২০২৬ শুক্রবার গোয়ালখালী কবরখানা গেটের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা।

ভুক্তভোগী রাজন হাওলাদার জানান, তিনি গাড়ি নিয়ে গোয়ালখালী কবরখানা গেটের সামনে পৌঁছালে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গাড়ির গতিরোধ করে। তারা গাড়ির জানালা ভাঙচুর শুরু করলে তিনি প্রাণভয়ে দৌড়ে কবরস্থানের ভেতরে ঢোকেন। কিন্তু দুর্বৃত্তরা পিছু ধাওয়া করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা রাজন হাওলাদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন