প্রবীণ নেতা মাখনলালের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ
প্রবীণ নেতা মাখনলালের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হলো ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলের ৯৮ বছর বয়সী প্রবীণ নেতা মাখনলাল সরকারকে বিশেষ সংবর্ধনা জানান। শুভেন্দু অধিকারীর শপথের ঠিক আগে মোদি এই বর্ষীয়ান নেতার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেন।

মাখনলাল সরকার পশ্চিমবঙ্গে বিজেপির প্রাথমিক পর্যায়ের অন্যতম প্রধান কারিগর হিসেবে পরিচিত। দেশভাগ পরবর্তী সময় থেকেই তিনি জাতীয়তাবাদী আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। বিশেষ করে ১৯৫২ সালে কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলনের আন্দোলনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহযাত্রী হিসেবে গ্রেফতার হয়ে দীর্ঘ কারাবাস ভোগ করেন তিনি।

১৯৮০ সালে বিজেপি গঠনের পর উত্তরবঙ্গের সাংগঠনিক দায়িত্ব পড়ে তাঁর কাঁধে। পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় মাত্র এক বছরে ১০ হাজার সদস্য সংগ্রহ করে তিনি তাক লাগিয়ে দেন। ১৯৮১ থেকে টানা সাত বছর জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি, যা দলের সাংগঠনিক ইতিহাসে এক বিরল ঘটনা।

শনিবারের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এই সম্মান প্রদর্শনের মাধ্যমে এক বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। মূলত প্রবীণ এই নেতার আশীর্বাদ নিয়েই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

মন্তব্য করুন