বেলকুচিতে রিভলবার উদ্ধার

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ
বেলকুচিতে রিভলবার উদ্ধার

মোঃ সেরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি পরিত্যক্ত রিভলবার উদ্ধার করেছে থানা পুলিশ। 

শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের রাজু সরকারের স্ত্রী খাদিজা বেগম খড় রোদে শুকাতে দেওয়ার সময় তার শিশু সন্তান ছোয়াদ একটি বস্তু দেখতে পায়। শিশুটি সেটিকে খেলনা মনে করে মায়ের কাছে নিয়ে এলে স্থানীয়রা সেটি রিভলবার হিসেবে শনাক্ত করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) এবং বেলকুচি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ২টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি সদস্যের উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, রাজু সরকারের ভাইয়েরা প্রবাসে বা কর্মস্থলে থাকায় প্রাথমিকভাবে এই পরিবারের কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে রিভলবারটি সেখানে কীভাবে এল এবং এর পেছনে প্রকৃত দুষ্কৃতকারী কে, তা চিহ্নিত করতে পুলিশি তদন্ত চলমান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন