সিরাজগঞ্জে হামে আক্রান্ত ৪৩৭, হাসপাতালে ভর্তি ৫৫

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে হামে আক্রান্ত ৪৩৭, হাসপাতালে ভর্তি ৫৫

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৭ জনে। তাদের মধ্যে ৩৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৫৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৯ মে) স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। তবে বয়স্করাও এ রোগে আক্রান্ত হওয়ায় অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। বর্তমানে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, সদর হাসপাতালে ১৬ জন এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জনসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা চিকিৎসাধীন আছেন।

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত ২০ মার্চ থেকে জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ, যা আগামী ২০ মে পর্যন্ত চলবে। এই কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন শিশুদের দ্রুত টিকা নেওয়ার ওপর জোর দিয়েছেন এবং জ্বর বা শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন