মামুন চৌধুরী, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমার গ্রামে সরকারি কোটি টাকা ব্যয়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্প এখন গবাদিপশুর খামারে পরিণত হয়েছে। বসবাসের অনুপযোগী পরিবেশ ও নানা সংকটের কারণে উপকারভোগীরা ঘর ছেড়ে চলে যাওয়ায় অধিকাংশ ঘরই এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
সরেজমিনে দেখা গেছে, সারি সারি ঘরের অধিকাংশতেই ঝুলছে তালা, আবার কোথাও রাখা হয়েছে গবাদিপশু ও খড়। স্থানীয়দের অভিযোগ, নিচু জমিতে ও নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ঘর তৈরি করায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে পয়োনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গন্ধ ও পানিবাহিত রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া তদারকির অভাবে অনেক ঘরের দরজা-জানালাও চুরি হয়ে যাচ্ছে।
নদীভাঙনে সব হারানো জয়নাল আবেদীন ও হজরত আলির মতো অনেক ভূমিহীন মানুষ অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আছেন। তাদের দাবি, প্রকল্পের ঘরগুলো খালি পড়ে থাকলেও নতুন করে তাদের বরাদ্দ দেওয়া হচ্ছে না। অন্যদিকে, জীবিকার তাগিদে অনেক পরিবার ঘর ছেড়ে ঢাকা বা অন্য অঞ্চলে চলে গেছে বলে জানিয়েছেন ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লুৎফর রহমান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান জানান, আশ্রয়ণ প্রকল্পের বর্তমান পরিস্থিতি তারা সরেজমিন পরিদর্শন করেছেন। রক্ষণাবেক্ষণের ঘাটতি ও অবকাঠামোগত সমস্যাগুলো খতিয়ে দেখে দ্রুত সংস্কার এবং প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এ.আই.এল/সকালবেলা