প্রতিশ্রুতি রক্ষার নতুন লড়াই শুরু: প্রধানমন্ত্রী তারেক রহমান

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
প্রতিশ্রুতি রক্ষার নতুন লড়াই শুরু: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে বিজয়ী হওয়ার মাধ্যমে একটি যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনসেবার নতুন এক যুদ্ধ এখন শুরু হয়েছে। শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনের আগে দেওয়া ইশতেহারটি ছিল কেবল দলের ম্যানিফেস্টো। কিন্তু সরকার গঠনের পর সেটি এখন দেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের ৫২ শতাংশ মানুষ আমাদের এই ম্যানিফেস্টোর পক্ষেই রায় দিয়েছেন। কাজেই এতে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তা বাস্তবায়ন করতে হবে।

তারেক রহমান স্পষ্ট করে বলেন যে, দলের সমর্থন ও সক্রিয় সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে, তবে অনেক ক্ষেত্রেই সরকার কাঙ্ক্ষিত সাফল্য পাবে না। সুশাসন নিশ্চিত করা এবং নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেতাকর্মীদের মাঠ পর্যায়ে একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি।

জনগণের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষকে বলেছিলাম সুশাসন দিব। আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই যেখানে শিক্ষার্থীরা সুন্দর শিক্ষার পরিবেশ পাবে এবং নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সকলে নিরাপদে পথ চলতে পারবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের কঠিন পরিস্থিতির কথা স্মরণ করে তিনি কর্মীদের ত্যাগের প্রশংসা করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও সভায় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন