আরাকান আর্মির কবল থেকে ১৪ জেলে উদ্ধার

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ণ
আরাকান আর্মির কবল থেকে ১৪ জেলে উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার: মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জন জেলেকে সফলভাবে বাংলাদেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃতদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক এবং একজন শরণার্থী ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা বলে নিশ্চিত করা হয়েছে।

টেকনাফে দায়িত্বরত বিজিবির-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, শনিবার বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর জিরো পয়েন্টে আরাকান আর্মির কাছ থেকে ওই জেলেদের গ্রহণ করে টেকনাফ জেটি ঘাটে নিয়ে আসে। বর্তমানে এসব জেলেদের তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অসাবধানতাবশত বাংলাদেশি পানিসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে এই জেলেদের আটক করে আরাকান আর্মি। এরপর তাদের মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন ক্যাম্পে দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল।

মানবিক দিক বিবেচনা করে বিজিবির কক্সবাজার রিজিয়ন আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগ ও সমন্বয় শুরু করে। দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার পর ধাপে ধাপে তাদের ফিরিয়ে আনার বিষয়টি চূড়ান্ত হয়। লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি জনগণের জানমালের নিরাপত্তায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন