সমিতির ভোটে স্কুল পরীক্ষা বন্ধ, ফেনীতে ক্ষোভ

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ণ
সমিতির ভোটে স্কুল পরীক্ষা বন্ধ, ফেনীতে ক্ষোভ

ফেনী প্রতিনিধি: ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনের ভোটগ্রহণের সুবিধার্থে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

শনিবার (৯ মে) ৪শর বেশি শিক্ষার্থীর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আগের রাতে নোটিশ দিয়ে তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে সকালে পরীক্ষা দিতে এসে অনেক শিক্ষার্থী ও অভিভাবককে স্কুল গেট থেকে ফিরে যেতে হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী রমজানে স্কুল বন্ধ থাকায় শনিবার জেলার ৫৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জেলার সব স্কুলে পরীক্ষা চললেও শুধুমাত্র ফেনী শহরের এই বিদ্যালয়টিতে ভোটের কারণে পরীক্ষা বন্ধ রাখা হয়। অনেক অভিভাবক পরীক্ষা স্থগিতের বিষয়টি জানতেন না, ফলে সন্তানদের নিয়ে স্কুলে গিয়ে ভোগান্তিতে পড়েন তারা। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা আমিন জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, একই ক্যাম্পাসে হাইস্কুল থাকায় নির্বাচনের জন্য আগেই ভেনুর অনুমতি দেওয়া হয়েছিল। স্থগিত হওয়া পরীক্ষার জন্য নতুন প্রশ্নপত্র তৈরি করে পরবর্তীতে তারিখ জানানো হবে। তবে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন