নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর হজের মৌসুমে এখন পর্যন্ত মোট ১২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করলেন। শনিবার (৯ মে ২০২৬) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হেল্পডেস্কের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত শুক্রবার (৮ মে) মক্কায় মারা গেছেন যশোরের কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪)। তাঁরা দুজনেই বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে গিয়েছিলেন।
এখন পর্যন্ত মারা যাওয়া ১২ জন হজযাত্রীর মধ্যে ১০ জন পুরুষ এবং ২ জন নারী। তাঁদের মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জন মৃত্যুবরণ করেছেন। এর আগে ঠাকুরগাঁও, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, জামালপুর, শেরপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও জয়পুরহাটের হজযাত্রীরা বিভিন্ন সময়ে সৌদি আরবে মারা গেছেন।
বুলেটিনের তথ্যমতে, এখন পর্যন্ত ১২৮টি হজ ফ্লাইটে মোট ৫০ হাজার ৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ২৫ জন যাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ৩০ জুন।