খোরশেদ আলম, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ৩নং শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ মোস্তফা কামাল। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাইছেন।
মোস্তফা কামাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি হাজী আসমত কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ভৈরব উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং টানা তিনবারের নির্বাচিত সভাপতি হিসেবে শিমুলকান্দি ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন।
এ বিষয়ে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম আল আমিন বলেন, "মোস্তফা কামাল আমাদের শিমুলকান্দির গর্ব। তিনি একজন প্রবীণ রাজনৈতিক নেতা, সমাজকর্মী, নিরহংকারী ও স্পষ্টবাদী মানুষ। শহীদ জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত এই লড়াকু সৈনিক সবসময় দলের দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার মতো অভিজ্ঞ নেতৃত্ব ইউনিয়নের দায়িত্বে এলে জনগণ উপকৃত হবে।"
শিমুলকান্দি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াদ আহমেদ বলেন, "তিনি আমাদের রাজনৈতিক আইডল। তার নেতৃত্বে আমরা রাজনীতির ইতিবাচক শিক্ষা পেয়েছি। তিনি চেয়ারম্যান হলে জাতীয়তাবাদী শক্তি যেমন আরও সুসংগঠিত হবে, তেমনি নতুন প্রজন্মও আদর্শিক রাজনীতিতে উদ্বুদ্ধ হবে।"
ইউনিয়ন যুবদল সভাপতি এরশাদ মিয়া বলেন, "মোস্তফা কামাল একজন ত্যাগী, পরীক্ষিত ও অভিজ্ঞ নেতা। তাকে ইউনিয়ন পরিষদের অভিভাবক হিসেবে পেলে দলমত নির্বিশেষে শিমুলকান্দির সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।"
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোস্তফা কামালের অভিজ্ঞ নেতৃত্ব ইউনিয়ন পরিষদে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে পারে। মাঠ পর্যায়ের রাজনীতির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ব্যাপক সমর্থন ও ইতিবাচক জনমত দেখা যাচ্ছে। শিমুলকান্দির সর্বস্তরের মানুষ এখন এক অভিজ্ঞ ও আস্থাশীল অভিভাবকের অপেক্ষায় প্রহর গুনছে।
এ.আই.এল/সকালবেলা