মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মস্থল, বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার সার্বিক সহযোগিতায় পৌর পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাপশিয়া তাসরিন প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম এবং পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জামায়াতে ইসলামীর উপজেলা আমির সুজাউল করিম, বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম এবং পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে ইউএনও কাপশিয়া তাসরিন বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ অবস্থান থেকে চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। কর্মসূচিতে বিভিন্ন দোকানদার, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ.আই.এল/সকালবেলা