বাড়ছে মন্ত্রিসভার পরিধি, আলোচনায় বিএনপির ত্যাগী নেতারা

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ণ
বাড়ছে মন্ত্রিসভার পরিধি, আলোচনায় বিএনপির ত্যাগী নেতারা

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনের কাজের গতিশীলতা বৃদ্ধি এবং জনবান্ধব নীতিগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার আকার বড় হতে চলেছে। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন বা রদবদলের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। সরকার ও বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, আগামী ঈদুল আজহার পর এবং বাজেট অধিবেশন শেষ হওয়ার পর যেকোনো সময় নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। প্রধানমন্ত্রীর লক্ষ্য হচ্ছে, যেসব মন্ত্রণালয়ে কাজের চাপ বেশি সেখানে নতুন নেতৃত্ব নিয়ে আসা এবং কোনো মন্ত্রীর কাঁধেই যেন একাধিক দপ্তরের ভার না থাকে সেটি নিশ্চিত করা।

নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানদের পাশাপাশি বেশ কয়েকজন ত্যাগী রাজনীতিকের নাম শোনা যাচ্ছে। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নাম জোরালোভাবে আলোচনায় আসছে। এছাড়া সংরক্ষিত নারী আসন থেকে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবেক চিফ হুইপ ও ৬ বারের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের নাম আলোচনায় রয়েছে। এছাড়া নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং পাবনার শামসুর রহমান শিমুল বিশ্বাসও তালিকায় থাকতে পারেন।

প্রতিমন্ত্রী হিসেবে আজিজুল বারী হেলালশহিদুল ইসলাম বাবুল এবং আমিরুল ইসলাম খান আলিমের নাম শোনা যাচ্ছে। এছাড়া টেকনোক্র্যাট কোটায় শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিব উন নবী খান সোহেলের মতো ত্যাগী নেতাদের নাম আলোচনায় আছে। বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে থাকা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং মাহাদী আমিনের নামও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে আলোচিত হচ্ছে।

সরকারের উচ্চপর্যায়ের সূত্র মতে, অন্তত তিনজন পূর্ণ মন্ত্রীর দায়িত্ব কমানো হতে পারে এবং বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একজনের দপ্তর পরিবর্তন হতে পারে। সংসদ উপনেতা হিসেবে স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অথবা ড. আব্দুল মঈন খানের নাম আলোচিত হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে আরও দুজন সদস্য যুক্ত হতে পারেন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, “এটি সম্পূর্ণ প্রধানমন্ত্রী তারেক রহমানের এখতিয়ার। তিনি কাজের সুবিধার্থে কখন কাকে কোথায় দায়িত্ব দেবেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন।”

বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন রদবদলে প্রথমবারের মতো ‘উপমন্ত্রী’ পদমর্যাদায় কাউকে দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

মন্তব্য করুন