সরকারের ভালো কাজে সমর্থন ও ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা গোলাম পরওয়ারের

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ণ
সরকারের ভালো কাজে সমর্থন ও ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা গোলাম পরওয়ারের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী কেবল বিরোধিতার খাতিরে রাজনীতি করে না। জনস্বার্থে সরকারের প্রতিটি ভালো কাজে তাঁদের পূর্ণ সমর্থন থাকবে এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে থাকবে তীব্র প্রতিবাদ।

শনিবার (৯ মে ২০২৬) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ‘মানবকল্যাণ পরিষদ ট্রেনিং সেন্টার অ্যান্ড রিসোর্টে’ জেলা জামায়াত আয়োজিত ‘সদস্য (রোকন) শিক্ষা শিবির-২৬’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আগামী ৭ জুন থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশন নিয়ে জামায়াতের বিশেষ পরিকল্পনার কথা জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, “আমরা একটি ঋণমুক্ত ও স্বনির্ভর বাজেটের লক্ষ্যে ইতিমধ্যে ‘প্রি-বাজেট ডিসকাশন’ সম্পন্ন করেছি। এছাড়া প্রতিটি মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা ‘শ্যাডো ক্যাবিনেট’ বা ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের কাজ প্রায় চূড়ান্ত করেছি, যা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”

সাম্প্রতিক জ্বালানিসংকট নিরসনে বিরোধীদলের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “জ্বালানিসংকট নিরসনে বিরোধীদলীয় নেতার প্রস্তাবিত সম্মিলিত কমিটির কারণেই আজ পেট্রল পাম্পের দীর্ঘ লাইন অদৃশ্য হয়েছে। এর মাধ্যমেই প্রমাণিত হয় জামায়াত জাতীয় সংকটকে রাজনৈতিক ইস্যু না বানিয়ে বরং সমাধান করতে চায়।”

সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে প্রশাসক নিয়োগের তীব্র সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি একে সংবিধান ও গণতন্ত্রবিরোধী উল্লেখ করে অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবি জানান। তিনি বলেন, “নির্বাচন দেওয়া হলে জামায়াত ও ছাত্রশিবিরের তরুণ ও মেধাবী নেতৃত্বকে অগ্রাধিকার দিয়ে আমরা সব কটি স্তরে অংশগ্রহণ করব।”

জুলাই গণভোট ও সংস্কার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, জনগণের রায় থাকা সত্ত্বেও সরকার গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে টালবাহানা করে কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখার চেষ্টা করছে। এই সংকট নিরসনে জামায়াত সংসদ ও রাজপথ—উভয় জায়গায় সক্রিয় থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ঠাকুরগাঁও জেলা জামায়াত আয়োজিত এই শিক্ষা শিবিরে জেলার প্রায় ৫৫০ জন রোকন সদস্য অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই অধিবেশনে রোকনদের নৈতিক ও আদর্শিক মান উন্নয়নের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য করুন