‘প্রিন্স’-এর ভুল শুধরে ‘রকস্টার’-এর প্রচারে তুঙ্গে শাকিব খান

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ণ
‘প্রিন্স’-এর ভুল শুধরে ‘রকস্টার’-এর প্রচারে তুঙ্গে শাকিব খান

বিনোদন প্রতিবেদক: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের গত ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে দর্শকদের অভিযোগের পাহাড় ছিল। বিশেষ করে সিনেমার পোস্টার, টিজার ও গান সময়মতো প্রকাশ না পাওয়ায় তার প্রভাব পড়েছিল ব্যবসায়। তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আসন্ন কোরবানির ঈদে ‘রকস্টার’ সিনেমা নিয়ে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন শাকিব।

মুক্তির তিন সপ্তাহ আগেই ‘রকস্টার’-এর টিজার প্রকাশ করে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। গত ২৮ মার্চ শাকিবের জন্মদিনে ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মাধ্যমেই শুরু হয়েছিল এই অগ্রিম প্রচারণা। এমনকি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ক্রিকেট ম্যাচ চলাকালীন বিগ স্ক্রিন ও টিভি পর্দায় নিয়মিত দেখানো হয়েছে এই সিনেমার অ্যানিমেশন টিজার ও বিজ্ঞাপন।

১ মিনিট ২০ সেকেন্ডের অফিশিয়াল টিজারে দেখা মিলেছে ‘আগুন’ নামের এক রকস্টারের। যেখানে হাজারো ভক্তের উন্মাদনা ও আন্তর্জাতিক জনপ্রিয়তার পাশাপাশি ফুটে উঠেছে অন্ধকার জগত, ড্রাগস, পুলিশি ঝামেলা এবং ব্যক্তিগত জীবনের একাকীত্বের হাহাকার। শাকিবের এই বৈচিত্র্যময় অভিনয় ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালে পরিণত হয়েছে।

সিনেমাটির নির্মাতা আজমান রুশো জানান, শাকিব খান নিজেই এমন একটি চরিত্রে অভিনয়ের ইচ্ছা পোষণ করেছিলেন। তাঁর পরিকল্পনাতেই গড়ে উঠেছে ‘রকস্টার’-এর কাহিনী। নির্মাতা আরও যোগ করেন, “শাকিবিয়ানদের জন্য সামনে আরও বড় চমক আসছে। ঈদের আগে আরও একটি টিজার, দুটি গান ও ট্রেলার প্রকাশ করা হবে।”

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এটি তাঁদের অভিনীত দ্বিতীয় সিনেমা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা এবং সংগীতশিল্পী পান্থ কানাই।

কোরবানির ঈদের প্রতিযোগিতায় আরও হাফ ডজনের বেশি সিনেমা থাকলেও, শাকিবের ‘রকস্টার’ প্রচারণার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে। একমাত্র মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ছাড়া অন্য কোনো সিনেমার প্রচারণা এখনো সেভাবে চোখে পড়েনি। শাকিব ভক্তদের আশা, ‘প্রিন্স’-এর আক্ষেপ এবার ‘রকস্টার’ দিয়ে মিটিয়ে দেবেন কিং খান।

মন্তব্য করুন