নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশে সংঘটিত কোনো মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যাকে সরকার কখনো তামাদি হতে দেবে না বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড পর্যন্ত সব ঘটনার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (৮ মে) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী অভিযোগ করেন, শাপলা চত্বরের ঘটনার পর রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছিল এবং তৎকালীন সরকারি প্রচারযন্ত্র ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল। তিনি আরও জানান, জাতীয় সংসদ ইতোমধ্যে শাপলা শহীদদের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জানিয়েছে।
জহির উদ্দিন স্বপন বলেন, ২০০৯ সাল থেকে শুরু হওয়া দমন-পীড়ন এবং শাপলা চত্বরের অভিযানের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভই ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল। তিনি বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্য নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেন, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের প্রশ্নে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ।
শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সাঈদ উদ্দিন আহমাদ হানজালা, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। বক্তারা শহীদদের ত্যাগের কথা স্মরণ করে জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ.আই.এল/সকালবেলা