নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে আগ্রহী করে তুলতে প্রাথমিক পর্যায় থেকেই ম্যাথ ও সায়েন্স অলিম্পিয়াডের কার্যক্রম শুরু করা হবে।
শুক্রবার (৮ মে ২০২৬) ধানমন্ডির ড্যাফোডিল ভবনে ইয়ুথ ইন্সটিটিউট ও লিডারশিপ ডেভেলপমেন্ট একাডেমি আয়োজিত ‘ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন’ (ILC)-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণির কারিকুলামে ‘পাবলিক স্পিকিং’ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, “আমরা শুধু পড়াশোনা নয়, বরং কালচারাল ও স্পোর্টস অ্যাক্টিভিটিজকেও কারিকুলামের অংশ করতে কাজ শুরু করেছি। এর পাশাপাশি খুদে শিক্ষার্থীদের জন্য ম্যাথ ও সায়েন্স অলিম্পিয়াডের বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।”
নেতৃত্ব ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ববি হাজ্জাজ বলেন, “রাষ্ট্রবিজ্ঞানে লিডারশিপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয়, নেতৃত্ব মানে হলো সেবা করা (To serve)। নেতৃত্বের মূল ভিত্তি হলো দায়িত্ববোধ বা রেসপনসিবিলিটি। যারা এই দায়িত্বের মর্যাদা রক্ষা করতে পারবে, তারাই ভবিষ্যতে দেশের হাল ধরবে।”
অনুষ্ঠানে ইয়ুথ ইন্সটিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর এই ঘোষণা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।