জাফর ইকবাল, শিবগঞ্জ প্রতিবেদক: বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলা অনুমোদনের খবরে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে পুরো এলাকা।
শুক্রবার (৮ মে) বিকেল ৫টায় মোকামতলা বন্দরে হাজার হাজার মানুষের অংশগ্রহণে আনন্দ মিছিল ও আতশবাজির মাধ্যমে এই নতুন অর্জনকে উদযাপন করা হয়। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এলাকার জনপদ এখন উৎসবমুখর।
উপজেলা ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই মোকামতলার বিভিন্ন স্থানে ব্যান্ড পার্টি, পটকা ফুটানো ও মিষ্টি বিতরণ শুরু হয়। আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, প্রতিমন্ত্রীর বলিষ্ঠ উদ্যোগ ও প্রচেষ্টার ফলেই মোকামতলা উপজেলা বাস্তবায়ন সম্ভব হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে সেবার মান বাড়বে বলে আশা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনভর দোয়া মাহফিল ও মিছিলের মধ্য দিয়ে মোকামতলাবাসী তাদের এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখেন।
এ.আই.এল/সকালবেলা