স্পোর্টস ডেস্ক: মাঠে পারফরম্যান্সের বিচারে তিনি এখনও সেরাদের সেরা—৪১ ম্যাচে ৪১ গোল। কিন্তু মাঠের বাইরের কর্মকাণ্ডে রিয়াল মাদ্রিদ সমর্থকদের হৃদয়ে ক্ষত তৈরি করেছেন কিলিয়ান এমবাপে। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে, ফরাসি এই অধিনায়ককে ক্লাব থেকে বের করে দেওয়ার দাবিতে শুরু হওয়া এক অনলাইন পিটিশনে ইতিমধ্যে প্রায় চার কোটি স্বাক্ষর পড়েছে।
রিয়াল ভক্তদের এই নজিরবিহীন ক্ষোভের পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে ক্লাবের প্রতি এমবাপের ‘উদাসীনতা’। গত মাসে ঊরুর ইনজুরিতে পড়ার পর ক্লাবের পক্ষ থেকে তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দেখা গেছে ইতালিতে অভিনেত্রী এস্তার এক্সপোসিতোর সঙ্গে একান্ত সময় কাটাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়লে ভক্তরা অভিযোগ তোলেন, রিয়াল মাদ্রিদের কঠিন সময়ে এমবাপে ফুটবল ছেড়ে প্রেম ও অভিসারে বেশি আগ্রহী।
আগামী রোববার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ‘এল ক্লাসিকো’। রিয়ালের শিরোপা জয়ের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। কিন্তু চোটের কারণে এই ম্যাচে এমবাপের খেলার সম্ভাবনা ক্ষীণ। দলের এই ক্রান্তিলগ্নে এমবাপের অনুপস্থিতি এবং তাঁর অপেশাদার আচরণ ভক্তদের পিটিশনে স্বাক্ষর দিতে প্ররোচিত করেছে।
পিটিশনে ৪ কোটি স্বাক্ষরের বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও ফুটবল বিশ্বে এটি এখন প্রধান আলোচনার বিষয়। তবে সমালোচকরা বলছেন, এই বিপুল সংখ্যক স্বাক্ষরের মধ্যে অনেকে একাধিকবার স্বাক্ষর করেছেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে সংখ্যা যাই হোক, মাদ্রিদিস্তাদের বিশাল একটি অংশ যে এমবাপের ওপর বিরক্ত, তা স্পষ্ট।
তবে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ সম্ভবত এই পিটিশনকে গুরুত্ব দিচ্ছে না। ২০২৯ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে বড় অঙ্কের চুক্তি রয়েছে তাঁর। তাছাড়া গোল করার সক্ষমতার দিক থেকে তিনি এখনও অপরিহার্য। তবে ড্রেসিংরুমের বিশৃঙ্খলা এবং সমর্থকদের এই বিদ্রোহ এমবাপের মাদ্রিদ অধ্যায়কে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।