তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: হাকালুকি হাওরজুড়ে এখন ধান কাটার উৎসব হওয়ার কথা থাকলেও অকাল বন্যায় তা বিষাদে পরিণত হয়েছে। মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিস্তৃত হাওরাঞ্চলে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের সোনালি স্বপ্ন। গোলায় ধান তোলার পরিবর্তে এখন অথৈ পানির নিচে থাকা আধাপাকা ফসল রক্ষায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।
হাওর পাড়ের কৃষক খছরু মিয়া ও আমজাদ হোসেন আক্ষেপ করে বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে হাড়ভাঙা খাটুনি করে বোরো চাষ করেছিলেন তারা। কিন্তু ধান কাটার আগেই সব তলিয়ে গেছে। এখন পরিবারের অন্ন সংস্থান এবং ঋণের বোঝা কীভাবে পরিশোধ করবেন, সেই চিন্তায় তাদের চোখে ঘুম নেই। অনেক এলাকায় বাধ্য হয়ে পানির নিচ থেকে আধাপাকা ধান কাটার চেষ্টা করছেন শ্রমিকরা।
জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম জানান, এ বছর উপজেলায় ৬ হাজার ১৮৭ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছিল। তবে জুড়ী নদী দিয়ে হাওরে পানি প্রবেশ করায় এ পর্যন্ত প্রায় ১৭৪ হেক্টর ধান সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারি প্রণোদনার ব্যবস্থা করতে ইতোমধ্যে তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।
এ.আই.এল/সকালবেলা