নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং অসহায় প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনাসহ ১০ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।
শুক্রবার (৮ মে ২০২৬) সন্ধ্যায় রাজধানীর পল্টনের আল-রাজী কমপ্লেক্সে সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. কবীর হোসেন অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে প্রবাসীদের কল্যাণে ১০টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: ১. অসহায় প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনা। ২. জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন নিশ্চিত করা। ৩. বিমানবন্দরে হয়রানি ও টিকিট সিন্ডিকেট বন্ধ করা। ৪. দ্বৈত নাগরিকত্ব ও পেনশন সুবিধা চালু করা। ৫. সহজ ও দালালমুক্ত দূতাবাস সেবা নিশ্চিত করা। ৬. ‘প্রবাসী সুরক্ষা আইন’ প্রণয়ন করা। ৭. জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ রাখা। ৮. অনথিভুক্ত প্রবাসীদের বৈধকরণে কূটনৈতিক উদ্যোগ নেওয়া। ৯. বিদেশে শ্রম কল্যাণ উইং সম্প্রসারণ করা। ১০. বিদেশে কর্মী পাঠানোর ব্যয় কমানো এবং প্রবাস ফেরতদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি পথচারীদের মাঝে খাবার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন। তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও পেশাজীবী অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সংগঠনের মানবপাচার প্রতিরোধ সম্পাদক মো. শাহাব উদ্দীন শিহাব।