তৃণমূল নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ; কঠোর বার্তার আভাস

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
তৃণমূল নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ; কঠোর বার্তার আভাস

নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ফেরানো, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং নেতাকর্মীদের উদ্দেশে কঠোর দিকনির্দেশনামূলক বার্তা দিতে আজ তৃণমূল নেতাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে ২০২৬) দুপুর ১২টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

দলীয় সূত্র জানিয়েছে, সরকার গঠনের পর তৃণমূল পর্যায়ে দলের চেইন অব কমান্ড বা শৃঙ্খলা বজায় রাখা বর্তমানে শীর্ষ নেতৃত্বের কাছে অন্যতম চ্যালেঞ্জ। কিছু স্থানে বিশৃঙ্খলা ও অভ্যন্তরীণ কোন্দলের খবরের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলবেন। বৈঠকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার পাশাপাশি নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজগুলো প্রচার করার নির্দেশ দেবেন তিনি।

বিএনপি নেতারা জানান, বৈঠকে সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা এতে অংশ নেবেন।

বৈঠকের বিশেষ দিক হলো, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও সেখানে উপস্থিত থাকবেন। তাঁরা নিজ নিজ মন্ত্রণালয়ের জনকল্যাণমূলক গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তৃণমূল নেতাদের সামনে তুলে ধরবেন, যাতে তাঁরা নিজ নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষকে এ বিষয়ে অবহিত করতে পারেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই বৈঠক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলার যে কঠোর বার্তা তিনি দিতে চাচ্ছেন, তা আগামী দিনে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবে।

মন্তব্য করুন