নিজস্ব প্রতিবেদক: শারীরিক প্রতিবন্ধকতা যে অদম্য মেধার পথে বাধা হতে পারে না, তার অনন্য এক নজির স্থাপন করেছেন কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম। তাঁর এই মেধার স্বীকৃতি ও উৎসাহ দিতে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে এসেছেন।
শনিবার (৯ মে ২০২৬) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুল ইসলামের তৈরি করা বিশেষ ‘স্মার্ট কার’ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্ট কারটির যান্ত্রিক কলাকৌশল সম্পর্কে ওয়াকিমুলের কাছ থেকে বিস্তারিত জানেন। কেবল পর্যবেক্ষণেই সীমাবদ্ধ না থেকে, তিনি সেই বিশেষ গাড়িতে আরোহণ করেন এবং তা চালিয়ে দেখার মাধ্যমে তরুণ উদ্ভাবককে উৎসাহিত করেন। প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের উদ্ভাবনী শক্তিতে বিশ্বাস করেন। ওয়াকিমুল ইসলামের এই ক্ষুদ্র প্রচেষ্টা আগামী দিনের প্রযুক্তিগত বিপ্লবে বড় ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী সরকারিভাবে এমন প্রতিভাদের পাশে থাকার আশ্বাস দেন।
ওয়াকিমুল ইসলামের এই উদ্ভাবন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া এই সরাসরি স্বীকৃতি দেশের হাজারো তরুণ উদ্ভাবকের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।