তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদীর ওপর নির্মিত শুয়াকৈর ব্রিজটি ভেঙে যাওয়ার ছয় বছর পার হলেও তা সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি। ফলে সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার অন্তত ২০টি গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে তৈরি কাঠের ব্রিজই এখন তাদের একমাত্র ভরসা।
২০০৩-২০০৪ অর্থবছরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজটি ২০০০৬ সালে উন্মুক্ত করা হয়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ এবং ব্রিজের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ২০২০ সালের ২১ জুলাই বন্যার পানির তোড়ে ব্রিজটির বড় একটি অংশ নদীতে বিলীন হয়ে যায়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে চররৌহা, চরনান্দিনা, হেলেঞ্চাবাড়ী ও পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার লোটাবরসহ জনবহুল চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে যাতায়াত করতে গিয়ে নৌ দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন স্থানীয়রা।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া তমাল জানান, ব্রিজটি সংস্কারের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি চলমান রয়েছে। সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামিম বলেন, “জনদুর্ভোগ লাঘবে ইতিপূর্বেই মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। আশা করছি অতি দ্রুত শুয়াকৈরবাসীসহ দুই উপজেলার মানুষের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে।”
এ.আই.এল/সকালবেলা