দেশবিরোধী গোষ্ঠী সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে: নাহিদ ইসলাম

রাকিবুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ণ
দেশবিরোধী গোষ্ঠী সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা এবং দেশবিরোধী গোষ্ঠীগুলোর সম্ভাব্য সাম্প্রদায়িক উসকানি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সতর্কবার্তা দেন।

নাহিদ ইসলাম বলেন, "পশ্চিমবঙ্গ আমাদের প্রতিবেশী অঞ্চল। সেখানকার নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া এবং মুসলমানদের ভোটাধিকার বঞ্চিত করার যে অভিযোগ উঠেছে, তার প্রভাব বাংলাদেশেও পড়বে।" তিনি দাবি করেন, নির্বাচনে বড় একটি অংশকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করায় সেখানে মানবিক সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিকে পুঁজি করে বাংলাদেশের স্বার্থবিরোধী গোষ্ঠীগুলো সাম্প্রদায়িক প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে এমন এক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, যেখানে দক্ষিণ এশিয়ার মধ্যে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ বোধ করবে। এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব নাগরিকের অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমাদেরই।"

চট্টগ্রামে এনসিপিতে নতুন যোগদান করা ব্যক্তিদের স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম দলীয় নেতা-কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল পরিহার করার নির্দেশ দেন। তিনি বলেন, "যে যেখান থেকেই আসুক, এনসিপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।"

অনুষ্ঠানে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে মুসলিম, দলিত ও মতুয়াসহ সব নিপীড়িত সম্প্রদায়ের অধিকারের পক্ষে সোচ্চার থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন