উখিয়ায় ছাত্রীকে দপ্তরী কর্তৃক নির্মম নির্যাতন

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ
উখিয়ায় ছাত্রীকে দপ্তরী কর্তৃক নির্মম নির্যাতন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের দপ্তরী জামাল উদ্দীনের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং ও নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। গত ৫ মে দুপুরে বিদ্যালয়ের ভেতরে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী তাসফিয়া আজাদ তিশা (১৪) বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, সাংবাদিক বেলাল আজাদের কন্যা তিশা নেকাব না পরায় দপ্তরী জামাল উদ্দীন তাকে চরম উত্ত্যক্ত করে এবং একপর্যায়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। আহত তিশাকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিতার পিতা অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযুক্ত দপ্তরী তাদের পরিবারকে ক্রমাগত হুমকি দিয়ে আসছে। এই ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

অভিযুক্ত দপ্তরী জামাল উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার পাল জানান, ঘটনার সময় তিনি স্কুলে ছিলেন না তবে বিষয়টি শুনেছেন। এদিকে বিদ্যালয়ের ভেতরে একজন ছাত্রীর ওপর এমন অমানবিক নির্যাতনে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযুক্ত দপ্তরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন