আন্তর্জাতিক ডেস্ক: ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন চীনের একটি সামরিক আদালত। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
সামরিক আদালত পৃথক পৃথক রায়ে সাবেক এই দুই প্রভাবশালী সামরিক কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছেন। রায়ে বলা হয়েছে, দুই সাবেক মন্ত্রীই তাঁদের দায়িত্বে থাকাকালীন বড় অঙ্কের ঘুষ গ্রহণ ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করেছেন।
আদালত তাঁদের মৃত্যুদণ্ড দিলেও এর কার্যকারিতা দুই বছরের জন্য স্থগিত রেখেছেন। নিয়ম অনুযায়ী, এই দুই বছর স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর তাঁদের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে। তবে শর্ত থাকে যে, তাঁরা ভবিষ্যতে আর কোনো সাজা মওকুফ বা প্যারোলে মুক্তির সুযোগ পাবেন না। অর্থাৎ তাঁদের বাকি জীবন কারাগারেই কাটাতে হবে।
সাজার পাশাপাশি আদালত সাবেক এই দুই নেতার আজীবনের জন্য সব ধরনের রাজনৈতিক অধিকার বাতিল করেছেন। একই সঙ্গে তাঁদের সকল ব্যক্তিগত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ওয়েই ফেংহে এবং লি শাংফু কেবল প্রতিরক্ষামন্ত্রীই ছিলেন না, তাঁরা চীনের অত্যন্ত ক্ষমতাধর 'কেন্দ্রীয় সামরিক কমিশন'-এর সদস্য এবং সাবেক স্টেট কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শাসনামলে দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত বছর থেকেই তাঁরা নিখোঁজ ছিলেন এবং পরবর্তীতে তাঁদের বরখাস্ত করার খবর সামনে আসে। সামরিক বিশ্লেষকদের মতে, উচ্চপর্যায়ের এই সাজা চীনের সশস্ত্র বাহিনীর ভেতরে শৃঙ্খলার ক্ষেত্রে এক কঠোর বার্তা।