পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল: মমতা কি থাকছেন?

রাকিবুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল: মমতা কি থাকছেন?

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় পরাজয় এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগে অস্বীকৃতি জানানোর পর নজিরবিহীন এক পদক্ষেপ নিলেন রাজ্যপাল আরএন রবি। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সন্ধ্যায় রাজভবন থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার (খ) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে রাজ্যপাল এই আদেশ জারি করেন। রাজভবনের এক লাইনের চিঠিতে বলা হয়, "আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।" উল্লেখ্য, আজ মধ্যরাতেই বর্তমান বিধানসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

গত মঙ্গলবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায় তৃণমূল কংগ্রেস বড় ব্যবধানে পরাজিত হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জী পরাজয় মানতে অস্বীকার করে দাবি করেন, বিজেপি ভোট লুট করে জিতেছে। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন, "আমি হারিনি, তাই রাজভবনে যাব না। আমি পদত্যাগও করবো না।"

মমতা ব্যানার্জীর এই অনড় অবস্থানের পর বিজেপি নেতারা সরাসরি তাঁর অপসারণ এবং বিধানসভা ভেঙে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যপাল বিধানসভা ভেঙে দেওয়ার মাধ্যমে মমতা ব্যানার্জীর ওপর চাপ আরও বাড়িয়ে দিলেন।

সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী, বিধানসভা ভেঙে দেওয়ার পর বর্তমান মন্ত্রিসভা কেবল নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত 'তত্ত্বাবধায়ক' হিসেবে দৈনন্দিন কাজ পরিচালনা করতে পারবে। তবে তারা কোনো বড় নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে না।

এখন সবার নজর রাজভবনের দিকে—রাজ্যপাল কবে নাগাদ একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপির নেতৃবৃন্দকে সরকার গঠনের আমন্ত্রণ জানান এবং পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নেন, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন