অন্য আদালতে প্রভাব বিস্তার না করতে আইন কর্মকর্তাদের নির্দেশ

রাকিবুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ণ
অন্য আদালতে প্রভাব বিস্তার না করতে আইন কর্মকর্তাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পেশাদারিত্ব এবং আদালতের শৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশনা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। আদালতের কার্যক্রম চলাকালে নির্ধারিত কোর্ট ছাড়া অন্য কোনো আদালতে উপস্থিত হয়ে মামলার ওপর প্রভাব বিস্তারের চেষ্টার বিরুদ্ধে এই সতর্কতা জারি করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে গত ৬ মে ২০২৬ তারিখে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়, যা পরবর্তীতে সংস্থার ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা নিজ নিজ বরাদ্দকৃত আদালত ছাড়া অন্য কোনো আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে উপস্থিত হতে পারবেন না।

অ্যাটর্নি জেনারেলের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, “অ্যাটর্নি জেনারেলের নজরে এসেছে যে, কতিপয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালে উপস্থিত হয়ে অপরাপর বিভিন্ন মামলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।”

আইন কর্মকর্তাদের এমন কর্মকাণ্ড আদালতের স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া ও ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে বলে মনে করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। বিচার বিভাগে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নোটিশে সতর্ক করা হয়েছে যে, এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

উল্লেখ্য, বর্তমান অ্যাটর্নি জেনারেল দায়িত্ব নেওয়ার পর থেকেই অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক সংস্কার এবং আইন কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন।

মন্তব্য করুন