আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শাসনব্যবস্থায় এক নতুন ও তাৎপর্যপূর্ণ অধ্যায় শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তিনি নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সরাসরি দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠক করেছেন। দায়িত্ব গ্রহণের পর মোজতবা খামেনির সঙ্গে কোনো শীর্ষ পর্যায়ের কর্মকর্তার এটিই প্রথম আনুষ্ঠানিক সরাসরি সাক্ষাৎ।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। বৈঠকে দেশের নেতৃত্ব কাঠামোর মধ্যে ঐক্য, পারস্পরিক আস্থা এবং জাতীয় সংহতি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পেজেশকিয়ান জানান, অত্যন্ত বিনয় ও আন্তরিকতার পরিবেশে আলোচনা সম্পন্ন হয়েছে, যা প্রশাসনিক ব্যবস্থার জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
উল্লেখ্য, গত মার্চ মাসে এক ভয়াবহ ড্রোন হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তাঁর পুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে মোজতবা খামেনির জনসমক্ষে উপস্থিতি ছিল নগণ্য। এমনকি তাঁর সব সরকারি বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপকরা পাঠ করে শোনাতেন। এই রহস্যময় পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সরাসরি বৈঠক জল্পনা-কল্পনার অবসান ঘটাবে বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের এই দীর্ঘ বৈঠক দেশটির প্রশাসনিক সংহতির বহিঃপ্রকাশ। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি তাঁর পিতার পদাঙ্ক অনুসরণ করলেও আধুনিক নেতৃত্বের কৌশল গ্রহণ করতে পারেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও মন্তব্য করেন যে, সর্বোচ্চ নেতার এই ধরনের সরাসরি যোগাযোগ এবং খোলামেলা আলোচনা ইরানের ভবিষ্যৎ শাসনব্যবস্থায় একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।