মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় সৌরভ হালদার আটক

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ণ
মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় সৌরভ হালদার আটক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে সৌরভ হালদার (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সৌরভ উপজেলার জয়দিয়া হালদার পাড়ার শ্রীদাম হালদারের ছেলে। 

সোমবার (৪ মে) ভুক্তভোগীর মা থানায় মামলা করলে পুলিশ তাকে আটক করে আদালতে পাঠিয়েছে।

পেশায় ডেকোরেটর মিস্ত্রি সৌরভের সঙ্গে স্থানীয় এক মাদ্রাসা ছাত্রীর আট মাস আগে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, গত জানুয়ারি মাসে সৌরভ বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে সেই ভিডিওর ভয় দেখিয়ে সৌরভ একাধিকবার ওই ছাত্রীকে শারীরিক সম্পর্কে বাধ্য করে। কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তার মাকে জানালে তিনি আইনের আশ্রয় নেন।

ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার (মামলা নং- ০৫, তারিখ: ০৪/০৫/২০২৬) প্রেক্ষিতে পুলিশ সৌরভকে আটক করে এবং মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। অন্যদিকে, ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে ঝিনাইদহে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ভুক্তভোগী ছাত্রী এ বছর দাখিল পরীক্ষার্থী।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন