সুনামগঞ্জে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ণ
সুনামগঞ্জে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন

খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণে সুনামগঞ্জের হাওর জনপদে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে একের পর এক হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে ও উপচে পানি প্রবেশ করছে। ফলে চোখের পলকেই তলিয়ে গেছে হাজার হাজার কৃষকের সারা বছরের স্বপ্ন।

সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার, ছাতক, দিরাই, শাল্লাসহ প্রায় প্রতিটি উপজেলার হাওর এখন হাহাকারে পূর্ণ। প্রতিকূল আবহাওয়া ও শ্রমিক সংকটে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কর্দমাক্ত জমিতে আধুনিক হারভেস্টার মেশিন চালানো অসম্ভব হওয়ায় কৃষকরা বুকসমান পানিতে নেমে আধা-পাকা ধান কাটার নিরর্থক চেষ্টা করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাব মতে, প্রায় ১৩ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে, যার আর্থিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, উজানে অস্বাভাবিক বৃষ্টির ফলে পানির উচ্চতা পূর্বানুমানের চেয়েও বেশি বেড়েছে। কর্মীরা স্থানীয়দের নিয়ে জিও ব্যাগ ও বাঁশ দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা চালালেও পানির প্রবল চাপে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। জেলা প্রশাসক মিনহাজুর রহমান জানিয়েছেন, প্রতিটি উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

হাওরপাড়ের গ্রামগুলোতে এখন এক হৃদয়বিদারক দৃশ্য। শূন্য উঠানে বসে কৃষাণীরা অঝোরে কাঁদছেন। বৃদ্ধ কৃষকরা মাথায় হাত দিয়ে ভাবছেন—কীভাবে শোধ হবে মহাজনের ঋণ, আর কীভাবে চলবে আগামী দিনগুলো। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তবে অবশিষ্ট ফসলটুকু রক্ষা করাও দুঃসাধ্য হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংকট কাটিয়ে উঠতে বিশেষ আর্থিক বরাদ্দ ও দীর্ঘমেয়াদি টেকসই বাঁধ ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন হাওরবাসী।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন