ফুটবল বিশ্বকাপে রজার মিলার রেকর্ড অক্ষত, ব্যর্থ মেসি-রোনালদো

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ
ফুটবল বিশ্বকাপে রজার মিলার রেকর্ড অক্ষত, ব্যর্থ মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক: েচলমান ফিফা বিশ্বকাপে ফুটবলপ্রেমীরা বুঁদ হয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে। আসরে দুই মহাতারকাই গোল পেয়েছেন। রোনালদো ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছেন, অন্যদিকে ৩৯ বছর বয়সেও গোল করে নিজের অসাধারণ ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন লিওনেল মেসি। তবে ব্যক্তিগত অর্জনের খাতা যতই ভারী হোক না কেন, ফুটবল ইতিহাসের একটি ঐতিহাসিক রেকর্ড এখনো এই দুই আধুনিক কিংবদন্তির নাগালের বাইরেই রয়ে গেছে— তা হলো ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড।

চলমান এই আসরে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে ৪১ বছর ১৩৮ দিন বয়সে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক বয়সী গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছিলেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। পরবর্তীতে গত ৩ জুলাই ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে পেনাল্টি থেকে গোল করে নিজের বয়সকে ৪১ বছর ১৪৭ দিনে নিয়ে যান সিআরসেভেন। কিন্তু এত কিছুর পরও তিনি ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলার (Roger Milla) পেছনেই রয়ে গেছেন।

ক্যামেরুনের রজার মিলা প্রথম বিশ্বকাপ খেলেছিলেন ১৯৮২ সালে। তবে বিশ্বজুড়ে তিনি তুমুল আলোচনায় আসেন ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে। সেবার ৩৮ বছর বয়সে বুড়ো হাড়ের ভেলকিতে ৪টি গোল করে প্রথম আফ্রিকান দল হিসেবে ক্যামেরুনকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি। গোল করার পর কর্নার ফ্ল্যাগের পাশে তাঁর সেই বিখ্যাত কোমর দোলানো নাচ আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় উদযাপন। এর ঠিক ৪ বছর পর, ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হওয়ার মহাকাব্যিক রেকর্ড গড়েন মিলা। দীর্ঘ ৩২ বছর ধরে সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি।

অন্যদিকে, অস্ট্রিয়ার বিপক্ষে ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে গোল করে মেসি প্রথমবার বিশ্বকাপের প্রবীণ গোলদাতাদের এলিট তালিকায় নাম লিখিয়েছিলেন। তবে রোনালদো পরবর্তীতে তাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে যান। চলতি আসরে মেসিও নিজের গোলসংখ্যা বাড়িয়ে চলেছেন। জর্ডান, কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে গোল করে এবারের আসরে নিজের মোট গোলসংখ্যা আটে উন্নীত করেছেন এই আর্জেন্টাইন জাদুকর। গত ৭ জুলাই মিসরের বিপক্ষে গোল করার দিন মেসির বয়স ছিল ৩৯ বছর ১৩ দিন, যা তাকে এই তালিকার চতুর্থ স্থানে জায়গা করে দিয়েছে।

রোনালদো-মেসি ছাড়াও এবারের বিশ্বকাপে প্রবীণ গোলদাতাদের তালিকায় নতুন করে নাম লিখিয়েছেন ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ এবং অস্ট্রিয়ার মার্কো আরনাউতোভিচ। ৩৭ বছর বয়সী পেরিসিচ পর্তুগালের বিপক্ষে গোল করে তালিকার সপ্তম স্থানে উঠে এসেছেন। আর আরনাউতোভিচ নেমে গেছেন নবম স্থানে।

সবকিছু মিলিয়ে আপাতত রজার মিলার রেকর্ডটি বেশ নিরাপদ বলেই মনে হচ্ছে। তবে ২০৩০ সালের বিশ্বকাপের অন্যতম যৌথ আয়োজক দেশ হিসেবে থাকবে পর্তুগাল ও আর্জেন্টিনা। ফুটবল রোমান্টিকদের আশা, যদি নিজেদের দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামেন রোনালদো (তখন বয়স হবে ৪৫) কিংবা মেসি (তখন বয়স হবে ৪৩), তবেই কেবল ফুটবল ইতিহাসের অন্যতম পুরোনো এই রেকর্ডটি নতুন করে হুমকির মুখে পড়তে পারে।

মন্তব্য করুন