পেশীর চোটে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন কোল পামার

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ণ
পেশীর চোটে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন কোল পামার

অনলাইন ডেস্কঃ পেশীতে ইনজুরি পাওয়ার কারণে উয়েফা নেশনস লিগের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের ২৪ বছর বয়সী ফরোয়ার্ড কোল পামার।

বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার পর ইংলিশদের প্রধান কোচ টমাস টুখেল পামারকে আবারও জাতীয় দলে ফেরান। স্পেন, চেক প্রজাতন্ত্র এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য ঘোষিত ইংল্যান্ড স্কোয়াডে স্থান পেয়েছিলেন এই চেলসি তারকা।

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে চেলসির ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি। চলতি মৌসুমে চেলসির হয়ে সাত ম্যাচে চার গোল ও দুটি অ্যাসিস্ট করে নিজের ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই অ্যাটাকার। তবে পেশীর হঠাৎ ইনজুরি তাঁর সেই প্রত্যাবর্তনে বাঁধ সেধেছে।

নতুন নিয়ম অনুযায়ী ফিফার সংশোধিত বর্ষপঞ্জির অধীনে সেপ্টেম্বর ও অক্টোবরের দুটি বিরতিকে একত্রিত করে এবার তিন সপ্তাহের দীর্ঘ আন্তর্জাতিক বিরতি রাখা হয়েছে। নেশনস লিগে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে শনিবার ওয়েম্বলিতে স্পেনের মুখোমুখি হবে। এরপর ২৯ সেপ্টেম্বর প্রাগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এবং ৩ অক্টোবর ক্রোয়েশিয়ার বিপক্ষে রিজেকায় খেলবে টুখেলের শীর্ষ দল।

উল্লেখ্য, পামার সর্বশেষ গত বছরের মার্চে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন।

মন্তব্য করুন