২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু: চলতি বছরে মোট মৃত্যু ২০০ ছাড়াল
নিজস্ব প্রতিবেদক: দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে প্রাণঘাতী ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে ৮৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন করে মারা যাওয়া ৬ জনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, চলতি সেপ্টেম্বর মাসেই এ বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটেছে। মাসের প্রথম ২৩ দিনেই মারা গেছেন ১০৪ জন। এর আগে আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬ এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। বছরের প্রথমভাগে মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে মারা যান।
অন্যদিকে, চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৬২ হাজার ১১৭ জন রোগী। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৫৭ জন।