পিএসজি বা রিয়াল নয়, লিভারপুলেই হতে পারতেন কিলিয়ান এমবাপ্পে
ক্রীড়া ডেস্ক: ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের বর্তমান ঠিকানা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ হলেও, একসময় তাঁর গায়ে ওঠার কথা ছিল ইংলিশ অলরেডদের লাল জার্সি। মোনাকো ছাড়ার মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম বড় ক্লাব লিভারপুলেই পাড়ি জমানোর চূড়ান্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নিজের জন্মশহরের ক্লাবে তারকা হওয়ার অদম্য ইচ্ছাই বদলে দিয়েছিল তাঁর ক্যারিয়ারের গতিপথ।
সংবাদমাধ্যম 'দ্য অ্যাথলেটিক'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সেই সময়ের অজানা ও রোমাঞ্চকর ঘটনা ফাঁস করেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
ঘটনাটি ২০১৬ সালের। মোনাকোর জার্সিতে তখন আলো ছড়াচ্ছিলেন তরুণ এমবাপ্পে। তাকে পেতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর হুড়োহুড়ি পড়ে যায়, যার মধ্যে অন্যতম ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল। দলটির তৎকালীন কোচ ইয়ুর্গেন ক্লপের বড় ভক্ত ছিলেন এমবাপ্পের মা। ফলে মায়েরও তীব্র ইচ্ছে ছিল ছেলে যেন অ্যানফিল্ডে যোগ দেন।
সেই দিনের স্মৃতিচারণ করে এমবাপ্পে বলেন, "আমরা লিভারপুলের সঙ্গে চুক্তির শেষ পর্যায়ে চলে গিয়েছিলাম। আমার মায়ের সবচেয়ে পছন্দের জায়গা ছিল লিভারপুল। তিনি চেয়েছিলেন আমি যেন অ্যানফিল্ডে খেলি। কিন্তু আমি নিজের শহর প্যারিস ছেড়ে তখন অন্য কোথাও যেতে চাইনি। তারকা হওয়ার আগে দেশ ছাড়ার চিন্তা আমার ছিল না।"
চুক্তির আলোচনার বিষয়ে লিভারপুলের তৎকালীন কোচ ইয়ুর্গেন ক্লপও বিষয়টি স্বীকার করে জানান, গোপনীয়তা বজায় রাখতে ফ্রান্সের নিস শহরে ৫ রুমের একটি বিশাল প্রাইভেট জেট পাঠানো হয়েছিল এমবাপ্পে ও তাঁর পরিবারকে আনার জন্য। আকাশে উড়ন্ত বিমানে খাবারের টেবিলেই চলেছিল দীর্ঘ চুক্তিভিত্তিক আলোচনা।
তবে সমস্ত আয়োজন আর মায়ের মন জয় করার পর ১৮ বছর বয়সী এমবাপ্পে পিএসজিকেই বেছে নেন। প্রথমে ধারে এবং পরে ১৮০ মিলিয়ন ইউরোয় চুক্তিবদ্ধ হয়ে দীর্ঘ ৭ বছর ক্লাবটিতে কাটিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখান। পরবর্তীতে ২০২৪ সালে এসে বিনামূল্যে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই ফরাসি ফরোয়ার্ড।