জয়পুরহাটে রাতের আঁধারে  ৭০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
জয়পুরহাটে রাতের আঁধারে  ৭০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা
দুর্বৃত্তদের কেটে ফেলা কলাবাগান

জয়পুরহাট সদর উপজেলায় রাতের আঁধারে দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় দেড় বিঘা জমির প্রায় সাতশ ফলনশীল কলাগাছ কেটে নিশ্চিহ্ন করা হয়েছে। এর ফলে এনজিও থেকে ঋণ ও স্থানীয়দের কাছ থেকে ধারদেনা করে চাষ করা এক প্রান্তিক কৃষক সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাতে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ‘গতনশর’ মাঠে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক নূর মোহাম্মদ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় বিচার চেয়ে জয়পুরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ একজন দরিদ্র প্রান্তিক কৃষক। কঠোর পরিশ্রম ও বিভিন্ন সংস্থার ঋণ নিয়ে তিনি গতনশর মাঠে নিজের দেড় বিঘা জমিতে কলার চাষ করেছিলেন। ক্ষতিগ্রস্ত বেশিরভাগ গাছের মগজে ইতোমধ্যে মোচা বের হয়েছিল। কৃষকের আশা ছিল, আর মাত্র আড়াই থেকে তিন মাসের মধ্যেই কলাগুলো পরিপক্ব হয়ে বাজারে বিক্রির উপযোগী হবে এবং তা থেকে ভালো লাভ আসবে। কিন্তু দুর্বৃত্তরা রাতের অন্ধকারে সম্পূর্ণ বাগান কেটে তাঁর সেই স্বপ্ন গুঁড়িয়ে দেয়।

কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত কৃষক নূর মোহাম্মদ বলেন, “গত বছর এই জমি থেকে সমস্ত খরচ বাদে আমার প্রায় ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল। এবার বাজারে কলার বেশ ভালো দর থাকায় আরও বেশি লাভের আশা বুক বেঁধেছিলাম। কিন্তু দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিল। এখন এনজিওর ঋণের কিস্তি এবং পাওনাদারের টাকা কীভাবে পরিশোধ করব, সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি।”

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কৃষক নূর মোহাম্মদের লিখিত অভিযোগ পাওয়ার পরই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ছায়া তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত জড়িত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন