যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ণ
যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

মোঃ ইমরান মাহমুদ (জামালপুর প্রতিনিধি): তীব্র গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে কারখানাটিতে আনুষ্ঠানিকভাবে দানাদার ইউরিয়া উৎপাদন শুরু হয়।

কারখানা সূত্র জানায়, গ্যাস স্বল্পতার কারণে চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন স্থগিত ছিল। পরবর্তীতে গত ২০ সেপ্টেম্বর তিতাস গ্যাস কর্তৃপক্ষ পুনরায় গ্যাস সরবরাহ শুরু করলে স্টার্ট-আপ কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় উৎপাদন শুরু করতে কয়েক দিন বিলম্ব ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারখানা বন্ধ থাকলেও স্টার্ট-আপ প্রক্রিয়ায় প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার গ্যাস ব্যবহৃত হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে।

উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই সার কারখানাটি ১৯৯১ সালে বাণিজ্যিক উৎপাদনে যায়। দেশের দ্বিতীয় বৃহত্তম এই কারখানার দৈনিক উৎপাদনক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন হলেও নানা যান্ত্রিক সীমাবদ্ধতার কারণে বর্তমানে প্রতিদিন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা সম্ভব হচ্ছে। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ উত্তরাঞ্চলের ২১টি জেলায় কৃষি উৎপাদনে সার সরবরাহে কারখানাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন ইউরিয়া উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'উৎপাদন কার্যক্রম শুরু করতে সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।'

এআইএল/সকালবেলা